পবিত্র ঈদুল আজহার ছুটির প্রথম ও ট্রেনযাত্রার তৃতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (২৫ মে) সকালে স্টেশনে গিয়ে দেখা যায়, পার্কিং এলাকা থেকেই যাত্রীদের দীর্ঘ লাইন শুরু হয়েছে। নিরাপত্তা ও টিকিট চেকিং শেষে প্ল্যাটফর্মে প্রবেশ করলেও সেখানে শিডিউল বোর্ডের সামনে অপেক্ষমাণ যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে উত্তরাঞ্চলগামী ট্রেনের যাত্রীদের চাপ ছিল সবচেয়ে বেশি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল থেকে অন্তত ৫টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলাচল করছে। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস আধা ঘণ্টা, নীলসাগর এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। রংপুর এক্সপ্রেস, তিতাস কমিউটার ও একতা এক্সপ্রেসও নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে পড়ে।
যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সঠিক তথ্য না পাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।
রংপুর এক্সপ্রেসের এক যাত্রী বলেন, এক ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছি, কিন্তু ট্রেন কবে ছাড়বে নিশ্চিত বলা যাচ্ছে না।
তবে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন জানান, বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়েই চলছে, কিছু ক্ষেত্রে ‘অপারেশনাল ডিলে’র কারণে বিলম্ব হচ্ছে। তিনি আরও বলেন, রেললাইনের পাশে স্থানীয়ভাবে খড় শুকানোসহ বিভিন্ন কারণে ট্রেনের গতি কমাতে হচ্ছে, ফলে কিছু ট্রেন দেরিতে স্টেশনে পৌঁছাচ্ছে।
ঈদ উপলক্ষে কমলাপুর থেকে আজ মোট ৬৭টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৪৪টি আন্তঃনগর ও বাকি ট্রেনগুলো মেইল ও কমিউটার সার্ভিস।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

