সোমবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ‘এক্সাইড ওয়াশ’ নামের একটি অবৈধ ওয়াশিং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। সেই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব সিমন সরকারের নেতৃত্বে এবং পুলিশ ফোর্সের সহায়তায় এই উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। এ সময় মেঢাবিবি-৫, মেঢারাবি-৫ এর কর্মকর্তা-কর্মচারী এবং ভিজিল্যান্স ডিভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় (৩৮২/এ) রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধ গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে কারখানাটি চালাচ্ছিলেন। সেখানে একটি বড় বয়লার এবং ৭টি ড্রায়ার ব্যবহার করা হচ্ছিল, যার ঘণ্টাপ্রতি গ্যাস খরচের লোড ছিল প্রায় ২৯০০ ঘনফুট।
অভিযান চলাকালে কারখানাটি থেকে ৩/৪ ইঞ্চি ও ২ ইঞ্চির মোট ২৮০ ফুট লোহার পাইপ, ২০ ফুট হোজ পাইপ, ৩টি রেগুলেটর, ১ সেট প্রেসার গেজ এবং ১৪টি কন্ট্রোল চাবি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
কর্মকর্তারা জানান, এই একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে মাসে প্রায় ২০ হাজার ৪৯৬ ঘনমিটার গ্যাস সাশ্রয় হবে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

