রাজধানীতে পৃথক তিন ঘটনায় এক রাতেই প্রাণ হারিয়েছেন পাঁচজন। শুক্রবার (৬ মার্চ) রাতে নিউমার্কেট, তেজগাঁও ও সোনারগাঁও ক্রসিং এলাকায় এসব ঘটনা ঘটে।
নিউমার্কেট এলাকায় ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাবা ও মেয়ে। নিহতরা হলেন সাজু আক্তার সুমন (৪৭) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (২০)। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সাইন্স ল্যাবরেটরি সড়কে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান। পরে ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তারা দক্ষিণ শাহজাহানপুর এলাকার বাসিন্দা। সুমাইয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী ছিলেন। ঈদের কেনাকাটার জন্য বাবার সঙ্গে নিউমার্কেট এলাকায় এসেছিলেন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি জব্দ করে চালককে পুলিশের হাতে তুলে দেন।
অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে চালকসহ দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন যাত্রী হারুনুর রহমান সানি (৩২) ও অটোরিকশা চালক আলিম (৫০)। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ইউলুপ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অটোরিকশায় থাকা সানির স্ত্রী বৃষ্টি আক্তার (২৬) ও তার বোন হ্যাপি (২১) আহত হয়েছেন। নিহত সানির বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। বর্তমানে তিনি মহাখালী এলাকায় বসবাস করতেন এবং বনানীর একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানিয়েছে পরিবার।
এদিকে একই রাতে তেজগাঁও সোনারগাঁও ক্রসিং এলাকায় দুই পথশিশুর মধ্যে মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে ময়জুল ওরফে কালু (১৬) নামে এক কিশোর নিহত হয়। জানা যায়, তারা কারওয়ান বাজার এলাকায় থেকে ভাঙারি কুড়িয়ে জীবিকা নির্বাহ করত। ড্যান্ডি সেবনকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে হামিদুল নামে আরেক কিশোর কাঁচের টুকরা দিয়ে ময়জুলের মাথা ও ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খোঁজ করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

