নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে আন্দোলনে নেমেছেন সরকারি চাকরিজীবীরা। দাবি আদায়ে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে যাত্রা শুরু করেন আন্দোলনকারীরা।
আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে সরে যাবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বারবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত পে-স্কেলের গেজেট প্রকাশ হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় নবম পে কমিশন গঠন হলেও বাস্তবায়নের উদ্যোগ না নেওয়ায় সরকারি কর্মচারীদের সঙ্গে অবিচার করা হয়েছে বলে মনে করছেন তারা।
এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন বিভিন্ন দপ্তরের সরকারি চাকরিজীবীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে যমুনার উদ্দেশ্যে রওনা দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

