রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোবাইল ফোন ব্যবসায়ীদের ব্লকেড কর্মসূচি পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে গেছে। রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে চলমান কর্মসূচি সরাতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর বিরোধিতা এবং কথিত অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে মোবাইল ব্যবসায়ীরা কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
দুপুর আনুমানিক ১২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে অভিযান শুরু করে। এ সময় পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে জলকামান ব্যবহার করা হয়, পরে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। অভিযানের সময় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। পরে ব্যবসায়ীরা আশপাশের গলিপথে ছড়িয়ে পড়ে অবস্থান নেন।
তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, সড়ক অবরোধের চেষ্টা করায় আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ব্যবস্থা নেয় এবং কয়েকজনকে আটক করা হয়।
উল্লেখ্য, এর আগে মোবাইল ব্যবসায়ীদের একটি অংশ বিটিআরসি ভবনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

