সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আধুনিক চক্ষুস্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র ‘জামিরতা ভিশন সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলার পোরজনা ইউনিয়নে অবস্থিত জামিরতা ভিশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম. মুহিত।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসক, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. মুহিত বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। নতুন এই ভিশন সেন্টারের মাধ্যমে শাহজাদপুর ও আশপাশের এলাকার মানুষ সহজেই প্রাথমিক চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা ভিশন সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

