নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুরুল মহাসড়কে তরলীকৃত নাইট্রোজেন গ্যাস বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে কয়েকটি সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এতে মহাসড়কের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। দুর্ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ট্রাকচালক সাভারের জিঞ্জিরা এলাকার সিদ্দিকুর রহমান (৬০) এবং চালকের সহকারী ময়মনসিংহের ভালুকা উপজেলার মৃত মফিজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকে থাকা কয়েকটি সিলিন্ডার থেকে গ্যাস লিক হতে শুরু করলে মুহূর্তের মধ্যে সাদা ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। গ্যাসের ঝুঁকির কারণে স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে যেতে সাহস পাননি। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে নাটোরগামী নাইট্রোজেনবাহী ট্রাকটি সড়কের ছোট-বড় গর্তের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাকে থাকা সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস লিক শুরু হয়। এতে প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

