শীতের প্রভাব ক্রমেই বাড়ছে সারা দেশে। রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় আজ দুপুর পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় এবং হালকা শীতল বাতাস প্রবাহিত হওয়ায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে হালকা বাতাস বইতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল প্রায় ৯৯ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি।
এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ দেশের অন্তত ১৭টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কাও আছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

