নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে আজ শনিবার (৩ জানুয়ারি) শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, আগে ১ জানুয়ারি মেলার উদ্বোধনের তারিখ নির্ধারিত ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় উদ্বোধনের সময়সূচি পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বছরের প্রথম দিন থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২২ সাল থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারকে মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে। পূর্বাচলে এটি পঞ্চমবারের মতো আয়োজন করা হচ্ছে, আর এবারের আয়োজন নিয়ে প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক মেলা দেশের সবচেয়ে বড় পণ্য প্রদর্শনী আয়োজন হিসেবে পরিচিত। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। প্রতি বছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকং, নেপালসহ নানা দেশের পণ্য মেলায় প্রদর্শিত হয়।
ইপিবির মেলা ও প্রদর্শনী বিভাগের পরিচালক ওয়ারিশ হোসাইন জানান, রাষ্ট্রীয় শোকের কারণে উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা থাকলেও প্রধান উপদেষ্টা নিজে উদ্বোধন করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
এবারের মেলায় পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে। এর পরিবর্তে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।
মেলার নকশা অনুযায়ী বিভিন্ন শ্রেণির মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। দেশীয় উৎপাদক ও রপ্তানিকারকদের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে।
দর্শনার্থীদের যাতায়াত সুবিধায় কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির ২০০টির বেশি বিশেষ শাটল বাস মেলার জন্য চলাচল করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

