রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করা ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। হামলার পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুল হান্নান।

ব্যবসায়ীরা জানান, এলাকার এক বহিষ্কৃত যুবদল নেতা ৫ আগস্টের পর থেকে দোকানদারদের কাছে চাঁদা আদায় শুরু করেন। এর প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করলে হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হাজির হয়। পরে মার্কেটের ব্যবসায়ীরা হামলাকারীদের ধাওয়া করে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, পুলিশের উপস্থিতির মধ্যেই তাদের ওপর হামলা চালানো হয়। তারা হুঁশিয়ারি দিয়েছেন, অভিযুক্তকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে দোকান বন্ধ রেখে রাস্তায় নেমে আসবেন। একই সঙ্গে একটি বিক্ষোভ মিছিলও করা হয়।
তেজগাঁও থানার আব্দুল হান্নান বলেন, “আদর্শভাবে মানববন্ধন চলছিল। হঠাৎ কয়েকজন এসে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

