আগামী ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)–২০২৬।
উদ্বোধনী দিনে সকাল ১০টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইপিবি জানিয়েছে, এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’। এই অংশে দর্শনার্থীরা দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নিতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হচ্ছে।
মেলায় দেশি ও বিদেশি মিলিয়ে ৩৫০টির বেশি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেবে। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ কয়েকটি দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারে বলে আয়োজকরা জানিয়েছেন।
দর্শনার্থীদের সুবিধার্থে ই-টিকিটিং ব্যবস্থা চালু থাকবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। শিশুদের জন্য থাকবে আলাদা বিনোদন ব্যবস্থাও, যার মধ্যে দুটি শিশুপার্ক রাখা হয়েছে।
এদিকে নাম পরিবর্তনসংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল হওয়ায় মেলাটি আগের নামেই—‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’—অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

