রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক ও যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রিকশার যাত্রী দিদার এলাহী (৩৪) ও নিহত রিকশাচালকের নাম জানা যায়নি। দিদার গাইবান্ধার সদুল্লাপুরের কায়িকা এলাকার ওয়াদুদ প্রমাণিকের ছেলে ও ব্যাংক কর্মকর্তা ছিলেন। তিনি মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, সকালে একটি যাত্রাবাড়ীর মাতুয়াইল হাসপাতালের সামনে কাভার্ডভ্যান রিকশাকে ধাক্কা দিলে এর চালক ও যাত্রী দুজনেই ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

