বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই অপ্রত্যাশিত এক ঘটনার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। কানসাস সিটিতে অনুশীলনের আগে দলটির বুট, অফিশিয়াল ম্যাচ বল ও অন্যান্য প্রশিক্ষণ সরঞ্জাম চুরি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
ফ্লোরিডায় প্রাক-টুর্নামেন্ট ক্যাম্প থেকে মিসৌরির সোপ সকার ভিলেজ প্রশিক্ষণ কেন্দ্রে সরঞ্জাম পরিবহনের সময় এ চুরির ঘটনা ঘটে।
ডেইলি মেইল–এর প্রতিবেদনে বলা হয়েছে, চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর সেখানে মাত্র একটি ফুটবল অবশিষ্ট ছিল।
চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল—খেলোয়াড়দের ম্যাচ বুট,অফিসিয়াল টুর্নামেন্ট বল,অনুশীলনের বিভিন্ন সরঞ্জাম।
এ ঘটনায় কানসাস সিটি পুলিশ বিভাগ তদন্ত শুরু করেছে। পুলিশের এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে জানান, আরও জিজ্ঞাসাবাদের জন্য দুই সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা গেছে।
আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ ‘এল’–এর ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টমাস টুখেলের ইংল্যান্ড। তার আগে দলটি কানসাস সিটিতে প্রথম অনুশীলনে নামার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

