ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাসায় জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ চিকিৎসাধীন বিনা রানী চক্রবর্তী নামে আরো একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিনার রানীর শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কুন্ডা ইউনিয়নের কাউটাইল ঋষিপাড়া এলাকার একটি চারতলা বাড়ির নিচ তলায় গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।
ঐ ঘটনায় দগ্ধ হন- উমা রানী চক্রবর্তী (৬০), তার মেয়ে বিনা রানী চক্রবর্তী (৪০), ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫)। এছাড়া বিস্ফোরণে দেয়ালের ইটের আঘাতে আহত হন পথচারী ঝালমুড়ি বিক্রেতা স্বপন রাজবংশী (৫৫) ও প্রতিবেশী লিপি চক্রবর্তী (৩০)।
ডা. মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধ দেবা চক্রবর্তীর শরীরের ১৬ শতাংশ, ও পিনাক চক্রবর্তীর ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। পাশাপাশি তাদের শ্বাসনালিও পুড়ে গেছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর উমা রানীর নাতনি জ্যোতি দাস জানান, চার তলা বাড়িটি তাদের নিজেদের। নিচতলায় থাকেন ওমা রানী এবং তার ছেলে ও মেয়ের পরিবার। সকালে উমা রানি রান্নার জন্য রান্নাঘরে যান। সেখানে গিয়ে দিয়াশলাই জ্বালাতে বিকট বিস্ফোরণ হয়। আর বাসার দেয়াল কিছু অংশ ভেঙে পড়ে যায়। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

