রাজধানীতে ট্রাকচাপায় নিহত এক জুলাই আন্দোলনের কর্মীর মৃত্যুর সংবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ মন্তব্য করে স্বস্তি প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান।
মন্তব্য করা শিক্ষক হলেন পবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সিএসআইটি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান। যিনি বিগত সরকারের আমলে আওয়ামীলীগের প্রত্যক্ষ সুবিধাভোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এমনকি তিনি বিগত সরকারের আমলে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক হওয়ায় বিশ্ববিদ্যালয়ের জুনিয়র শিক্ষকদের মধ্যে বেশ প্রভাবশালী ছিলেন বলে জানা যায়।
সোমবার (১৬ জুন) একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পোস্টে জুলাই আন্দোলনের কর্মী আবু জোবায়েরের মৃত্যুর সংবাদ প্রকাশিত হলে সেখানে সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমানের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে “আলহামদুলিল্লাহ” মন্তব্য করা হয়েছে বলে স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া স্ক্রিনশটে কয়েকজন ব্যবহারকারী মন্তব্যটির নিন্দা জানান।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একজন শিক্ষকের কাছ থেকে এমন মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন।
.jpg)
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তাকে আওয়ামী লীগ ও হাসিনা বন্দনায় মেতে থাকতে দেখা যায়। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে মীর-জাফরের চেয়েও নিকৃষ্ট বলে মন্তব্য করেন।
এছাড়া এই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে তার অনুষদের শিক্ষার্থীদের জুলাই আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান করায় হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। রাজনৈতিক মতাদর্শ না মেলায় ও আওয়ামীলীগের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে লিখলে পরীক্ষার খাতায় নাম্বার কমিয়ে দেওয়ার হুমকি দেওয়ার ও অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে।
তবে এ বিষয়ে সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মন্তব্যটি তিনি নিজে করেছেন কি না, নাকি তার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করেছে-সেটিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

