তরুণ চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও সৃজনশীল শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজ উপস্থাপনের নতুন সুযোগ সৃষ্টি করতে যাচ্ছে Jagannath University।
প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টির ফিল্ম অ্যান্ড টেলিভিশন (এফএনটি) বিভাগ আয়োজন করতে যাচ্ছে 1st JnU FNT International Student Film Festival-2026, যেখানে দেশ-বিদেশের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের শুরুতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ হয়নি, তবে সার্বিক প্রস্তুতি ও আয়োজনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অতিথি ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রমের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর শিগগিরই উৎসবের তারিখ ঘোষণা করা হবে।
উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছ থেকে চলচ্চিত্র ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত প্রতিযোগিতার জন্য নির্মাণকর্ম জমা দেওয়া যাবে। আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র, গ্রুপ প্রোডাকশন, চিত্রনাট্য রচনা, প্রামাণ্যচিত্র এবং নারী নির্মাতাদের জন্য বিশেষ বিভাগসহ মোট পাঁচটি বিভাগ রাখা হয়েছে।
এছাড়া এফএনটি বিভাগের শিক্ষার্থীদের জন্য আন্তঃব্যাচ প্রতিযোগিতার আওতায় ‘বেস্ট মেকার’, ‘বেস্ট গ্রুপ ফিকশন’ এবং ‘বেস্ট গ্রুপ ডকুমেন্টারি’—এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, কেবল বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাই উৎসবে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় জমা দেওয়া চলচ্চিত্রের দৈর্ঘ্য সর্বোচ্চ ২০ মিনিট হতে হবে। আবেদনকারীদের চলচ্চিত্রের শিরোনাম, পরিচালক ও প্রযোজকের নাম, নির্ধারিত বিভাগ, পোস্টার, গুগল ড্রাইভ লিংক, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এবং বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র জমা দিতে হবে।
আগ্রহী অংশগ্রহণকারীরা তাদের নির্মাণকর্ম ও প্রয়োজনীয় তথ্য [email protected] ঠিকানায় পাঠিয়ে উৎসবে অংশ নিতে পারবেন। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার নতুন দিগন্ত উন্মোচন করবে।
এ বিষয়ে এফএনটি বিভাগের চেয়ারম্যান Shah Md. Nistar Jahan Kabir বলেন, বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তাঁর মতে, এই আন্তর্জাতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, অভিজ্ঞতা বিনিময় এবং বৈশ্বিক চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, উৎসবটি বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতিকে বিশ্বপরিসরে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

