জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের আয়োজনে “৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটিং অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সাবিনা শরমীন। তিনি স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি রোভারদের স্কাউটিংয়ের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ এবং স্কাউট আইন আত্মস্থ করে দৈনন্দিন আচরণে প্রতিফলনের আহ্বান জানান।
বিশেষ অতিথি ও গ্রুপ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মিন্টু আলী বিশ্বাস। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল অধ্যাপক আবু লায়েক এবং সহযোগী অধ্যাপক আব্দুস সালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স লিডার নাজমুল কবির পলাশ। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে কোর্সের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজিত ৫৩৫তম বেসিক কোর্সকে স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, স্কাউটিং তরুণদের নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে আয়োজিত এ বেসিক কোর্সে ১০ জন প্রশিক্ষক, ৫০ জন অংশগ্রহণকারী এবং ১০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কোর্সের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৭ জুন, ২০২৬ পর্যন্ত চলবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

