সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে নিটার ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিক সোসাইটি (এনএফপিএস) এর ৯ বছর পূর্তি অনুষ্ঠান।
শুক্রবার (১৫ মে) নিটারের মুক্তমঞ্চে দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন ক্লাবটির সাবেক ও বর্তমান সদস্যরা। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে আনন্দ, আড্ডা ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন, যা একপর্যায়ে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
টি-শার্ট উন্মোচন ও ক্লাব রুম উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় মূল অনুষ্ঠান। এতে বক্তব্য পর্ব, হাড়িভাঙা, বায়োস্কোপ, ঘুড়ি উৎসব ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল উপহার খেলা, গান, নাচ এবং প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত সদস্যদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এনএফপিএসের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। ক্লাবের সদস্যদের সৃজনশীল কাজের এ প্রদর্শনী উপস্থিতদের মাঝে বিশেষ আগ্রহ ও প্রশংসা কুড়ায়।
এছাড়া গত এক বছরে বিভিন্ন মাসে ক্লাবের কার্যক্রমে বিশেষ অবদান রাখা সদস্যদের “স্টার অব দ্য মান্থ” সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে লজিস্টিকস ও সাংগঠনিক কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য একটি বিশেষ সম্মাননাও প্রদান করা হয়।
দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত চলে, যা পুরো আয়োজনকে আরও স্মরণীয় করে তোলে।
আয়োজনে অংশ নেওয়া সদস্যরা জানান, এনএফপিএস শুধু একটি সংগঠন নয়; এটি স্মৃতি, বন্ধুত্ব ও সৃজনশীলতার এক আবেগঘন পরিবার। ৯ বছরের এই পথচলায় গড়ে উঠেছে অসংখ্য গল্প, সম্পর্ক ও অভিজ্ঞতা, যা ভবিষ্যতেও সদস্যদের মাঝে বন্ধনের সেতুবন্ধন হয়ে থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

