“ডিবেট ফর ডেমোক্রেসি” আয়োজিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয় অর্জন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এর ডিবেটিং সোসাইটি (নিটারডিএস)।
শনিবার (১৬ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল “বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ”। প্রতিযোগিতায় নিটারের প্রতিপক্ষ ছিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে যুক্তিনির্ভর উপস্থাপনার মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করে বিজয়ী হয় নিটারডিএস।
নিটারডিএস এর পক্ষে বিতর্কে অংশগ্রহণ করেন ১২তম ব্যাচের আফিয়া সাইয়ারা আখি, ১৩তম ব্যাচের আইনুন আখি, হিমেল বিশ্বাস ও রিদোয়ান ইসলাম পর্ব এবং ১৫তম ব্যাচের সাদমান সাকিব সাদ। দলের সদস্যরা বিভিন্ন পর্যায়ে নিজেদের যুক্তি ও অবস্থান তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ সময় উপস্থিত ছিলেন নিটারের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, নিটারডিএস-এর মডারেটর রায়হান আহমেদ জয় ও মোঃ আল-আমিন, এবং সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দিন ইকবাল। এছাড়া নিটারডিএস এর প্রায় ৪০ জন সদস্য সরাসরি উপস্থিত থেকে দলকে সমর্থন জানান।
জাতীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণার প্রাক্কালে মূল্যস্ফীতির মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আয়োজিত এ বিতর্ক শিক্ষার্থীদের জাতীয় বিষয়ে যুক্তিনির্ভর মতামত উপস্থাপনার সুযোগ তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
একটি বিশেষায়িত প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিটারের শিক্ষার্থীদের এ অর্জন কেবল একাডেমিক ক্ষেত্রেই নয়, সহশিক্ষা কার্যক্রম ও বুদ্ধিবৃত্তিক চর্চায়ও তাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন বলে মনে করছেন অনেকে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

