জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিষয়ক সম্পাদক কর্তৃক খাবারে মাছি পাওয়া এবং হোটেল কর্মচারিকে হালিম ছুঁড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় সাবেক ছাত্রলীগ কর্মী তূর্য কীর্তনীয়ার নেতৃত্বে কিছু শিক্ষার্থী বটতলার দোকানগুলো জোরপূর্বক বন্ধ করে দেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে কামালউদ্দিন হল সংসদের ভিপি জি এম রায়হান কবীরের নির্দেশনার অভিযোগও উঠেছে, যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল শিক্ষার্থী বটতলায় গিয়ে দোকানদারদের দোকান বন্ধ করতে বলেন। প্রথমে দোকানদাররা রাজি না হলেও পরে চাপ ও হুমকির মুখে তারা দোকান বন্ধ করতে বাধ্য হন।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনে মোবারকের বিরুদ্ধে এক দোকান কর্মচারীর সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, খাবারে মাছি পাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে খাবারের বাটি ছুড়ে মারেন, যার কিছু অংশ ওই কর্মচারীর শরীরে পড়ে।
এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন সন্ধ্যায় তূর্য কীর্তনীয়ার নেতৃত্বে কিছু শিক্ষার্থী বটতলার দোকানগুলো বন্ধ করে দেয় বলে অভিযোগ রয়েছে। যদিও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি দোকানদাররা স্বেচ্ছায় দোকান বন্ধ করেছেন। ভুক্তভুগী কর্মচারীর শরীরে বাটি লাগার কারণে তারা প্রতিবাদস্বরূপ এমনটি করেছেন বলে জানান তারা।
তবে সিসিটিভি ফুটেজ ও দোকান মালিক–কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তূর্য কীর্তনীয়াসহ কয়েকজন শিক্ষার্থী ভাসানী হল-সংলগ্ন দোকানগুলো বন্ধের নির্দেশ দিচ্ছেন। দোকানদাররা জানান, তাদের এক ঘণ্টার জন্য দোকান বন্ধ রাখতে বলা হয় এবং প্রথমে অস্বীকৃতি জানালে পরে হুমকি দেওয়া হয়।
এবিষয়ে তুর্য কীর্তনীয়া বলেন, আমার কয়েকজন শিক্ষার্থী মিলে প্রথমে ভুক্তভুগী সাহাবুদ্দিনের কাছে যাই। তার সাথে কথা বলে আমরা তাকে সাথে প্রত্যেক দোকান মালিকের কাছে গিয়ে অনুরোধ করি যে, সাহাবুদ্দিনের সাথে যেই ঘটনা ঘটেছে এইরকম ঘটনা আপনাদের সাথেই ঘটতে পারে। তাই আপনারা প্রতিবাদস্বরূপ সন্ধ্যা ৬-৭ টা পর্যন্ত দোকান বন্ধ রাখেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কামালউদ্দিন হল-সংলগ্ন এক দোকান কর্মচারী বলেন, “হলের সিকবয় এসে জানায়, হল সংসদের ভিপির নির্দেশে দোকান বন্ধ রাখতে হবে। তাই আমরা দোকান বন্ধ করি।”
তবে এ অভিযোগ অস্বীকার করে হল সংসদের ভিপি জি এম রায়হান কবীর বলেন, দোকান বন্ধে তার কোনো নির্দেশনা ছিল না। উদ্দেশ্যপ্রণীত ভাবে তাকে এ ঘটনায় জড়ানো হচ্ছে বলেন জানান তিনি ।
ঘনাস্থলে প্রত্যক্ষদর্শীদের মতে দোকান বন্ধের সময় ঘটনাস্থলে উপস্থিত হন জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী। তিনি জোরপূর্বক দোকান বন্ধের প্রতিবাদ জানিয়ে দোকান খোলার কথা বলেন দোকানদারদের । এ সময় তূর্য কীর্তনীয়াসহ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। সেখানে সাবেক ছাত্রলীগ কর্মী তানজির হিমেল, রিশিকেশ কানু ও ফুয়াদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা যায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাত নয়টার দিকে দোকানগুলো পুনরায় খুলে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে উভয় পক্ষকে শান্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল (আজ) তিনটায় সিনেট হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টর এবং উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

