পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শুক্রবার (৩ এপ্রিল) পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৬,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পাবিপ্রবি ছাত্রদল বিভিন্ন সহায়ক কার্যক্রম পরিচালনা করে।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওলিউল্লাহ এবং দপ্তর সম্পাদক ইনজামামুল হকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
দপ্তর সম্পাদক ইনজামামুল হক জানান, “ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা এখানে তাদের ব্যাগ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিরাপদে রাখতে পেরেছেন। তীব্র গরমে অসুস্থ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেডিক্যাল ক্যাম্প চালু করা হয়েছে। এছাড়া দুই হাজার লিটার পানি এবং দুই হাজার পাঁচশত কলম শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। পরীক্ষা শেষে ক্যাম্পাস এলাকা যানজটমুক্ত রাখতে ছাত্রদলের স্বেচ্ছাসেবকরাও কাজ করেছেন।”
তিনি আরও জানান, একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

