সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ সম্প্রতি মশার উপদ্রব বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও আবাসিক হল এলাকায় মশার আক্রমণ তীব্র আকার ধারণ করছে।
নিটার ক্যাম্পাসে দীর্ঘদিন ধরেই মশার সমস্যা থাকলেও সাম্প্রতিক সময়ে তা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক ভবন, ল্যাব, লাইব্রেরি ও আবাসিক হলের আশপাশে মশার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা তাদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।
জানা যায়, বৃষ্টির কারণে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং অপর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার ফলে মশার বংশবিস্তার বাড়ছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এ সমস্যাকে আরও প্রকট করে তুলেছে।
এ বিষয়ে শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত ফগিং কার্যক্রম চালানো হলেও এর কার্যকারিতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। ফগিংয়ের ধোঁয়া সরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মশা আগের মতোই ফিরে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া, ফগিংয়ের ধোঁয়ার কারণে আবাসিক হলের অনেক শিক্ষার্থী শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়ার মতো সমস্যায় ভুগছেন বলেও জানা গেছে।
এক শিক্ষার্থী জানান, “মশার আক্রমণে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ছে। দ্রুত ড্রেন পরিষ্কার ও ঝোপঝাড় অপসারণ করে স্থায়ী সমাধান না করলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।”
প্রশাসন বিষয়টির স্থায়ী সমাধানে আগ্রহী বলে জানালেও এখন পর্যন্ত নিয়মিত ফগিং ছাড়া কার্যকর নতুন কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

