আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়াকার্ড ও সম্মাননা প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাদের মাসিক এক লাখ টাকা করে ভাতা দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সাফ ফুটসালজয়ী নারী দল, কাবাডি, ভলিবল, অ্যাথলেটিক্স, সাঁতার, জিমন্যাস্টিকসসহ ২০টি ডিসিপ্লিনের খেলোয়াড়রা সম্মাননা গ্রহণ করেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদ এই সুবিধার আওতায় এসেছেন। পর্যায়ক্রমে আগামী এপ্রিল থেকে আরও প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির মাধ্যমে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

