বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ জন পরিচালকের নাম চূড়ান্ত হয়েছে। রোববার (৭ জুন) অনুষ্ঠিত নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পরিচালকদের তালিকা প্রকাশ করা হয়েছে।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন— ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন এবং চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন। নির্বাচনের মাধ্যমে বরিশাল থেকে মিজানুর রহমান এবং খুলনা থেকে শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন পরিচালক নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব ক্যাটাগরি) থেকে নির্বাচিত ১২ পরিচালক হলেন— তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার) থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত দুই পরিচালক হলেন শেখ মো. রুহুল আমিন এবং মো. সরফরাজ আহমেদ।
সব মিলিয়ে নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে বিসিবির নতুন ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে, যারা আগামী মেয়াদে দেশের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব পালন করবেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

