বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হয়।
ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান (৭০), ইয়াসির ফয়সাল (৬৮), ফাহিম সিনহা (৬৬), শাহনিয়ান তানিম (৬৬), আসিফ রাব্বানি (৬৪), মির্জা ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩), ডা. মাহবুব শামীম (৪১) এবং সাকেফ আহমেদ সালাম পরিচালক নির্বাচিত হয়েছেন।
এই ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ১২ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে পরাজিত হয়েছেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফয়জুর মিতু এবং মেজর ইমরোজ আহমেদ। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৪০, ৩২, ২৩ ও ২০।
ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট প্রদান করেন। উচ্চ ভোটার উপস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই নির্বাচনে তামিম ইকবালের সর্বোচ্চ ভোট পাওয়া বিসিবির নতুন পরিচালনা পর্ষদে তার শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

