ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে সংঘটিত এই ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট ড্যাগন এএফপিকে জানান, ভূমিকম্পে অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উদ্ধার তৎপরতা চলমান থাকায় এখনই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা সম্ভব নয়।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১২ জন সোক্সকারগেন অঞ্চলের এবং তিনজন দাভাও অক্সিডেন্টাল প্রদেশের বাসিন্দা।
ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি অবস্থিত জেনারেল সান্তোস সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইকৃত ভিডিওতে একটি জনপ্রিয় ফাস্টফুড রেস্তোরাঁর উপরের তলা ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। এছাড়া একটি বাণিজ্যিক কমপ্লেক্সের বাইরের কংক্রিটের দেয়ালও ভেঙে পড়েছে।
শক্তিশালী আফটারশকের আশঙ্কায় দেশটির সিভিল ডিফেন্স অফিস জনগণকে ক্ষতিগ্রস্ত ভবন ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত স্থাপনায় প্রবেশ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষের আশঙ্কা, উদ্ধার অভিযান এগোনোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

