ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে।
ম্যাচের ১৭তম মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। তবে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় বাংলাদেশ।
প্রথমার্ধের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে সমতা আনে বাংলাদেশ। রোনান সুলিভানের কর্নার থেকে বদলি খেলোয়াড় আব্দুল রিয়াদ ফাহিম দুর্দান্ত ভলিতে গোল করেন।
দ্বিতীয়ার্ধে উভয় দলই একাধিক আক্রমণ করলেও আর কোনো গোল হয়নি। গুরুত্বপূর্ণ কয়েকটি মুহূর্তে গোলরক্ষক মাহিনের সেভ বাংলাদেশকে ম্যাচে ধরে রাখে।
ম্যাচ চলাকালীন দুই দলের ডাগআউটে উত্তেজনাও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কোচিং স্টাফদের তর্ক-বিতর্কে ভারতের এক সদস্যকে হলুদ কার্ড এবং বাংলাদেশের প্রধান কোচ মার্ক কক্সকে লাল কার্ড দেখান রেফারি।
এই ড্রয়ের ফলে দুই দলই সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হয়েছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। অন্যদিকে ভারত খেলবে ভুটানের বিপক্ষে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

