AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫৫ পিএম, ১২ জুন, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার কেন উইলিয়ামসন। প্রায় ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে তিন ফরম্যাট থেকেই বিদায় নিয়েছেন এই কিউই তারকা।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝেই নিজের সিদ্ধান্তের কথা জানান উইলিয়ামসন। লর্ডসে সিরিজের প্রথম টেস্টই হয়ে থাকল নিউজিল্যান্ডের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ফলে সিরিজের বাকি দুটি টেস্টে তাকে দেখা যাবে না।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২ বল খেলে শূন্য রানে আউট হন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। দ্বিতীয় ইনিংসে করেন ১৮ রান। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত প্রকাশ করেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে উইলিয়ামসন বলেন,“আমি বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। গত কয়েক দিনে পরিষ্কার হয়ে গেছে যে এটাই সঠিক সময়। নিউজিল্যান্ডের হয়ে প্রতিটি ম্যাচে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি এবং সেটি ভেবে আমি গর্বিত।”

তিনি আরও বলেন,“এর চেয়ে কম কিছু নিয়ে খেলা চালিয়ে যাওয়া ঠিক হতো না। নিজের সিদ্ধান্তে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারছি, এজন্য নিজেকে ভাগ্যবান মনে করছি।”

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে উইলিয়ামসন বলেন,“এই দল যেভাবে এগিয়ে যাচ্ছে, তা নিয়ে আমি খুবই আশাবাদী। দলে প্রচুর প্রতিভা রয়েছে এবং বিশেষ কিছু করার তীব্র আকাঙ্ক্ষা আছে। এই দলের অংশ হতে পারা আমার জন্য সবসময়ই গর্বের।”

উইলিয়ামসন ১১০ টেস্টে ৩৮ হাফ সেঞ্চুরি ও ৩৩ সেঞ্চুরিতে ৫৪.০৬ গড়ে ৯৫১৫ রান করেছেন। ওয়ানডে রেকর্ডও অসাধারণ। ১৭৫ ম্যাচে ৪৭ ফিফটি ও ১৫ সেঞ্চুরিতে ৪৮.৬৯ গড়ে ৭২৫৬ রান করেছেন। অবসরের সিদ্ধান্ত নেওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে আগামী বছরের বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি।

উইলিয়ামসন ৪০ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল, যেখানে তিনি টুর্নামেন্ট সেরা হন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে ফাইনালে খেলেছিল কিউইরা। অধিনায়ক হিসেবে তার সেরা সাফল্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়। ২০২১ সালের জুনে সাউদাম্পটনে ভারতকে হারাতে তিনি ৪৯ ও অপরাজিত ৫২ রান করেন।

নিউজিল্যান্ডের ষষ্ঠ সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে বিদায় নিচ্ছেন উইলিয়ামসন। চারবার স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জিতেছেন এবং ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হন। উইলিয়ামসন অবসর নেওয়ায় বাকি দুটি ম্যাচের জন্য একজন স্থলাভিষিক্তের নাম ঘোষণা করবে নিউজিল্যান্ড। ১৭ জুন দ্য ওভালে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!