বিশ্বকাপ অভিযান শুরুর আগেই চোটের দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস শারীরিক সমস্যায় ভুগছেন, যা কোচ লিওনেল স্ক্যালোনির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।
আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে তার আগে দুই ফুটবলারের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো চোটের কারণে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। অন্যদিকে উইঙ্গার নিকোলাস গঞ্জালেস অতিরিক্ত পেশির চাপজনিত সমস্যায় ভুগছেন। এ কারণে বুধবারের দলীয় অনুশীলনে তারা মূল গ্রুপের সঙ্গে না থেকে আলাদাভাবে অনুশীলন করেছেন।
তবে আপাতত এই দুই ফুটবলারকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার সম্ভাবনা নেই। যদিও আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তালিয়াফিকোর শুরুর একাদশে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে প্রথম একাদশে খেললেও পরবর্তী আইসল্যান্ড ম্যাচে তালিয়াফিকো বেঞ্চেও ছিলেন না। তার অনুপস্থিতি শারীরিক সমস্যার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
আর্জেন্টিনার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তালিয়াফিকোর চোট গুরুতর নয়। তবুও আগামী কয়েক ঘণ্টায় তার শারীরিক অবস্থার আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সন্তোষজনক অগ্রগতি হলে তিনি বিশ্বকাপ দলে থাকবেন।
অন্যদিকে নিকোলাস গঞ্জালেসও টিম ম্যানেজমেন্টের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পেশির চোট কাটিয়ে সম্প্রতি দলে ফিরলেও আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে আবারও কিছুটা অস্বস্তি অনুভব করেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা এটিকে গুরুতর নয়, বরং সাধারণ মাংসপেশির সংকোচন হিসেবে বিবেচনা করছেন।
এদিকে চোটের কারণে লিওনার্দো বালের্দি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে স্কোয়াডে ডিফেন্ডার মার্কোস সেনেসিকে অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি।
বিশ্বকাপ শুরুর আগে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের ফিটনেস নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তা আর্জেন্টিনা শিবিরে কিছুটা চাপ তৈরি করলেও দলীয় চিকিৎসকরা দ্রুত তাদের সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

