২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক মেক্সিকো। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচে জয় তুলে নেওয়ার পাশাপাশি তিনটি লাল কার্ডের কারণে ম্যাচটি বিশেষ আলোচনায় এসেছে।
মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। তৃতীয় মিনিটেই রাউল হিমিনেজ গোলের সুযোগ পেলেও দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রোনেন উইলিয়ামস দারুণ সেভ করে দলকে রক্ষা করেন।
তবে ৯ মিনিটেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় মেক্সিকো। হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৯তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়েও গোলের সুযোগ তৈরি করেছিল মেক্সিকো। তবে ব্রায়ান গুতিয়েরেজ সুযোগ কাজে লাগাতে না পারায় ১-০ ব্যবধানেই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে উত্তেজনা বাড়ে। ৫০তম মিনিটে পেনাল্টি বক্সের বাইরে ফাউলের দায়ে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এটিই ছিল টুর্নামেন্টের প্রথম লাল কার্ড।
৬৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন গিলবার্তো মোরা, যিনি বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়েন। মাঠে নামার এক মিনিট পরই তার দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ। ৬৭তম মিনিটে করা এই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো।
৮৪তম মিনিটে দক্ষিণ আফ্রিকার থেম্বা জেওয়ানে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে দ্বিতীয় লাল কার্ড দেখেন। এরপর যোগ করা সময়ে মেক্সিকোর ডিফেন্ডার সেজার মন্তেসও সরাসরি লাল কার্ড পান।
তিনটি লাল কার্ডে উত্তপ্ত হয়ে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে স্বাগতিক মেক্সিকো। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো বিজয়ের স্বাদ পেল দলটি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

