বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাতীয় নারী দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম।
অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই ক্রিকেটার ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মঞ্জুরুলের অনৈতিক আচরণের শিকার হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একাধিকবার জানানো সত্ত্বেও তিনি কোনো ন্যায়বিচার পাননি।
জাহানারার ভাষ্যমতে, মঞ্জুরুল ইসলাম প্রায়ই তার সঙ্গে অশালীন আচরণ করতেন।
তিনি বলেন, “একদিন উনি আমার কাছে এসে কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন—তোর পিরিয়ড কতদিন চলে? তারপর বললেন, শেষ হলে জানাস, আমার দিকটাও দেখতে হবে। পিরিয়ড শেষ হলে যখন ডাকবো, চলে আসিস।”
তিনি আরও জানান, আন্তর্জাতিক টুর্নামেন্টের সময়ও মঞ্জুরুলের আচরণে বিব্রত হতে হয়েছে তাকে। “বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা হ্যান্ডশেক করতাম, তখন উনি হাত না মিলিয়ে আমাকে জড়িয়ে ধরতেন,” বলেন জাহানারা।
এই সব ঘটনায় বিসিবির নারী উইংয়ের তৎকালী প্রধান শাফায়েত হোসেন নাদেলকে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানিয়েছিলেন জাহানারা। কিন্তু কিছুদিন পরই আবার আগের মতো পরিস্থিতি ফিরে আসত বলে জানান তিনি। “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি বোর্ড। এখন আমি আল্লাহর কাছেই বিচার দিয়েছি,” বলেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেন। এছাড়া ফ্র্যাঞ্চাইজি দল বাংলা টাইগার্সের প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

