বর্তমান বিশ্বে মানসিক বিষণ্ণতা, উদ্বেগ ও দুশ্চিন্তা মানুষের জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তিগত উন্নয়ন ও জীবনযাত্রার মান বৃদ্ধি পেলেও অসংখ্য মানুষ প্রতিনিয়ত একাকীত্ব, মানসিক চাপ এবং অস্তিত্ব সংকটের সঙ্গে সংগ্রাম করছে।
পৃথিবীর এক অংশের মানুষ যখন দারিদ্র্য, দুর্ভিক্ষ ও যুদ্ধের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি, তখন অন্যদিকে প্রাচুর্য ও নাগরিক সুবিধায় ঘেরা অনেক মানুষও ভুগছে গভীর মানসিক শূন্যতায়। প্রশ্ন জাগে—অর্থ, সম্পদ ও ভোগ-বিলাস থাকা সত্ত্বেও কেন এই অস্থিরতা? এর উত্তর অনেকটাই নিহিত রয়েছে মানুষের হারিয়ে ফেলা আত্মিক ও আধ্যাত্মিক আশ্রয়ের মধ্যে।
ইসলামের শিক্ষা মানুষকে তার সৃষ্টিকর্তার সঙ্গে গভীর ও অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করে। এই সম্পর্কই একজন মানুষের অন্তরে প্রশান্তি, আশা ও মানসিক স্থিতি এনে দিতে পারে। আধ্যাত্মিক চর্চা ও আল্লাহর স্মরণ মানুষের অশান্ত হৃদয়কে শান্ত করতে এবং জীবনের উদ্দেশ্য উপলব্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
আধুনিক মানুষের মনস্তাত্ত্বিক সংকট
আমরা এমন এক সময়ে বসবাস করছি, যেখানে বস্তুগত অর্জন ও ভোগের সুযোগ বেড়েছে, কিন্তু মানসিক প্রশান্তি যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে। উন্নত জীবনযাপন অনেক ক্ষেত্রে শারীরিক স্বাচ্ছন্দ্য দিলেও তা সবসময় মনের ক্ষত সারাতে পারে না। ফলে উদ্বেগ, হতাশা ও মানসিক চাপ আজ বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ মানুষের জীবনে শান্তি ও স্থিতি আনার গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। কিন্তু আধুনিক ব্যস্ততা ও জাগতিক প্রতিযোগিতার মধ্যে অনেক মানুষ সেই আত্মিক সংযোগ থেকে দূরে সরে যাচ্ছে। ফলে সাময়িক সাফল্য বা ভোগের আনন্দ পেলেও অন্তরের গভীরে থাকা শূন্যতা ও অস্থিরতা দূর হচ্ছে না। জীবনের প্রকৃত অর্থ, উদ্দেশ্য এবং আত্মিক প্রশান্তির অনুসন্ধানই তাই আজকের সময়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মানসিক অস্থিরতা দূর করার দোয়া
আমাদের চারপাশে এখন বাড়ালেই মেলে বিনোদন ও বিলাসিতার সব উপকরণ হাত, অথচ বাস্তব চিত্র হলো মানুষের মন এখন বড় বেশি একা। গভীর অন্ধকারে বিলাসবহুল আসবাবপত্র এসে কারো হাত ধরে না, আর অত্যাধুনিক কোনো প্রযুক্তি চোখের পানি মুছে দিতে পারে না। ঋণ আর নানামুখী চাহিদার বিশাল ঢেউয়ে পড়ে মানুষ যখন দিশেহারা হয়ে যায়, তখন অনেকেই ভুল পথে শান্তি খুঁজতে গিয়ে জড়িয়ে পড়ে নানা মরণঘাতী নেশা ও আত্মঘাতী আচরণে। এই অতল গহ্বর থেকে বাঁচতে হলে আমাদের জীবনের অগ্রাধিকারগুলো নতুন করে সাজাতে হবে এবং বুঝতে হবে যে, আত্মার খোরাক সম্পূর্ণ ভিন্ন।
ইসলামের সহজ ও শাশ্বত সমাধান
এই ভারী মানসিক বোঝা থেকে মুক্তির জন্য ইসলাম অত্যন্ত সহজ এক সমাধান দেয়—তা হলো নিজের সৃষ্টিকর্তা বা রবের কাছে ফিরে যাওয়া। মহান আল্লাহ মানুষের মনস্তত্ত্ব সবচেয়ে ভালো জানেন, কারণ তিনিই মানুষের সৃষ্টিকর্তা।
মানুষের ভেতরের প্রতিটি ফোঁটা কষ্ট, হতাশা আর দুঃখের খবর তিনি রাখেন। মানুষ যখন তার জীবনের কেন্দ্রবিন্দুতে আল্লাহকে ফিরিয়ে আনে, তখন তার ভেতরের কষ্টগুলো কমতে শুরু করে। কারণ তখন সে অন্ধকারের গোলকধাঁধা থেকে আলোর দিকে যাত্রা শুরু করে। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই মাধ্যমেই শুধু হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে।
ইসলাম শুধু কিছু আচার-অনুষ্ঠান বা নিয়মের সমষ্টি নয়, বরং এটি জীবনের এমন এক পূর্ণাঙ্গ বিধান যা মানুষকে তার সৃষ্টির মূল উদ্দেশ্যের সাথে মিলিয়ে দেয়। মানুষকে সৃষ্টিই করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আর পরম দয়ালু আল্লাহ এই দুনিয়ার নানামুখী পরীক্ষার মুখোমুখি করার জন্য মানুষকে নিঃস্ব অবস্থায় ছেড়ে দেননি। তিনি মানুষকে পথ নির্দেশনা হিসেবে দিয়েছেন পবিত্র কোরআন এবং তা ব্যাখ্যা করার জন্য রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ বা আদর্শ। এটিই হতাশা ও দুশ্চিন্তা মোকাবিলায় ইসলামের প্রধান ভিত্তি, যা এই অস্থির পৃথিবীকে স্থিতিশীল রাখার এক অনন্য হাতিয়ার।
পরীক্ষা ও কষ্টের প্রতি মুমিনের দৃষ্টিভঙ্গি
একজন মুমিনের সবচেয়ে বড় ভুল হলো জীবনের ধর্মীয় দিক এবং জাগতিক দিককে আলাদা করে ফেলা। আমরা যখন পূর্ণ আত্মসমর্পণের সাথে মেনে নিই যে এই পৃথিবীটা আসলে আমাদের জন্য একটা পরীক্ষাগার, তখন জীবনের অর্থ পুরোপুরি বদলে যায়। পবিত্র কোরআনে আল্লাহর ওয়াদা রয়েছে, যারা ঈমান আনে এবং সৎকাজ করে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহান প্রতিদান।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, একজন মুমিনের সব বিষয়ই কল্যাণকর। এটি মানব মস্তিষ্কের জন্য এক বৈপ্লবিক ধারণা। মুমিন বা বিশ্বাসী ব্যক্তি যখন কোনো সুখের দেখা পায়, তখন সে আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করে, যা তার জন্য কল্যাণকর। আবার যখন সে কোনো কষ্টের সম্মুখীন হয়, তখন সে সবর বা ধৈর্য ধারণ করে, যা-ও তার জন্য কল্যাণকর।
ইসলাম আমাদের সাময়িক সুখের মোহ থেকে বের হয়ে পরকালের চিরস্থায়ী জীবনের কথা মনে করিয়ে দেয়। এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী যাত্রাবিরতি মাত্র, যা কখনো সুখে ভরপুর, আবার কখনো শোকে লীন। মানুষের জীবনের প্রকৃত রূপই এমন।
আত্মিক মুক্তির তিন মূল স্তম্ভ
আধুনিক জীবনের উদ্বেগ ও মানসিক বন্দিদশা থেকে নিজেকে মুক্ত করতে ইসলাম তিনটি বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দেয়। এগুলো শুধু মুখের কথা নয়, বরং মানুষের অন্তরকে জীবনের সব ঝড়-ঝাপটা থেকে রক্ষা করার ঢাল।
সবর বা ধৈর্য: ধৈর্যধারণ করে মেনে নেওয়া যে জীবনে পরীক্ষা আসবেই। কোরআনে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা; তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও।
শুকর বা কৃতজ্ঞতা: নিজের যা আছে, তার ওপর সন্তুষ্ট থাকা। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয়ো না।
তাওয়াক্কুল বা ভরসা: যেকোনো কাজের ফলাফলের জন্য একমাত্র আল্লাহর ওপর ভরসা করা। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তবে তোমাদের ওপর জয়ী হওয়ার কেউ নেই। আর আল্লাহর ওপরই যেন মুমিনরা ভরসা করে।
আত্মার শান্তি ফিরিয়ে আনার আহ্বান
হতাশা ও দুশ্চিন্তা দূর করার এই ইসলামী উপায়গুলো মূলত আমাদের দৈনন্দিন সংগ্রামকে আত্মিক উন্নতির সুযোগে রূপান্তর করে। আমাদের মনোযোগ যখন ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরন্তন পরকালের দিকে ঘুরে যায়, তখন আমরা এমন এক শান্তি খুঁজে পাই যা কোনো ধন-সম্পদ দিতে পারে না। মানুষ তখন বুঝতে পারে যে সে কখনোই একা নয়, তার সৃষ্টিকর্তা তার শাহরগ বা ঘাড়ের রগের চেয়েও বেশি কাছে আছেন।
একবিংশ শতাব্দীর এই জটিল সময়ে ইসলাম আমাদের মনের শান্তির এক শাশ্বত সমাধান দেয়। ইসলাম আমাদের হৃদয়কে আল্লাহর স্মরণের মাধ্যমে শান্ত করার আহ্বান জানায় এবং মনে করিয়ে দেয় যে, কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আল্লাহর দেখানো পথেই এই প্রতিকূল পৃথিবীতে টিকে থাকার শক্তি এবং সুন্দরভাবে বেঁচে থাকার প্রজ্ঞা লুকিয়ে আছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

