মদিনার মসজিদে নববিতে শিশুদের নিরাপত্তা জোরদার করতে বিনামূল্যে পরিচয় রিস্টব্যান্ড সেবা চালু করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববি কর্তৃপক্ষ।
এই উদ্যোগের মাধ্যমে ভিড়ের মধ্যে শিশু হারিয়ে গেলে দ্রুত তাদের পরিচয় শনাক্ত করে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া সহজ হবে।
রিস্টব্যান্ডে শিশুর পরিচয় ও পরিবারের তথ্য সংযুক্ত থাকায় কোনো শিশু হারিয়ে গেলে কর্তৃপক্ষ দ্রুত তার পরিবারকে খুঁজে পেতে পারে। এতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবারগুলোর দুশ্চিন্তাও কমবে।
এই সেবা পাওয়া যাচ্ছে মসজিদে নববির ৩০১, ৩০৭, ৩২৯, ৩৩১ ও ৩৩৯ নম্বর গেটের গেস্ট সার্ভিস সেন্টারগুলোতে।
রিস্টব্যান্ড হলো কব্জিতে এক ধরণের ফিতা বা ব্যান্ড-- যা কাপড়, সিলিকন, প্লাস্টিক বা চামড়া দিয়ে তৈরি। বাচ্চাদের নিরাপত্তার জন্য, খেলাধুলায় ঘাম মোছার জন্য, বিভিন্ন ইভেন্টে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের জন্য বা স্বাস্থ্য পর্যবেক্ষণে এগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
মসজিদে নববি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় সেবা দেয়ার অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে। শিশুদের সঙ্গে আসা পরিবারগুলোকে রিস্টব্যান্ড সংগ্রহ করার আহ্বানও জানানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

