পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী। এদিকে আরও একজন হজযাত্রীর মৃত্যু হওয়ায় চলতি মৌসুমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
মঙ্গলবার (১৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী হলেন ফেনীর সোনাগাজীর বাসিন্দা সাজেদা বেগম (৫৬)। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন এবং রোববার (১৭ মে) মক্কায় মারা যান।
এ পর্যন্ত মৃত ১৮ হজযাত্রীর মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
হজ ফ্লাইট পরিচালনায় এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৬টি, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন রয়েছেন।
গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রী বহনের ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

