বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন বাস্তবতার দল। একদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া কুরাসাও। ইতিহাস ও সাফল্যে এগিয়ে থাকলেও নতুন প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না জার্মানরা।
বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। বাংলাদেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি। অনলাইনেও বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে।
এটি জার্মানির ২১তম বিশ্বকাপ অংশগ্রহণ, যা ইউরোপের যেকোনো দেশের মধ্যে সর্বোচ্চ। তবে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার জয় দিয়ে অভিযান শুরু করতে চায় জুলিয়ান নাগেলসমানের দল।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সাম্প্রতিক ইতিহাসও জার্মানির জন্য সুখকর নয়। ২০১৮ সালে মেক্সিকো এবং ২০২২ সালে জাপানের বিপক্ষে হেরে টুর্নামেন্টে পিছিয়ে পড়েছিল তারা। তাই এবার প্রথম ম্যাচেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখানোর লক্ষ্য তাদের।
দলে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয় রয়েছে। গোলবারে থাকবেন অভিজ্ঞ ম্যানুয়েল নয়্যার। এই ম্যাচে খেললে তিনি পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়া দ্বিতীয় জার্মান ফুটবলার হওয়ার কৃতিত্ব অর্জন করবেন। এছাড়া গোলরক্ষক হিসেবে পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়া বিশ্বের দ্বিতীয় খেলোয়াড়ও হবেন তিনি।
রক্ষণে আন্তোনিও রুডিগার, মাঝমাঠে যোশুয়া কিমিখ এবং আক্রমণে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, লেরয় সানে ও কাই হাভার্টজের মতো তারকাদের নিয়ে শক্তিশালী একাদশ সাজিয়েছে জার্মানি।
অন্যদিকে, কুরাসাওয়ের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামছে ক্যারিবীয় দেশটি। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তারা বিশ্বকাপে জায়গা করে নেয় এবং আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে নজর কাড়ে।
দলের মাঝমাঠে জুনিনহো বাকুনা অন্যতম ভরসার নাম। তার সঙ্গে লিয়ান্দ্রো বাকুনার সমন্বয় এবং ফরোয়ার্ড কেনজি গোরের পারফরম্যান্স কুরাসাওয়ের আক্রমণকে আরও কার্যকর করে তুলেছে।
এ ম্যাচে আরেকটি বিশেষ রেকর্ডও গড়ার অপেক্ষায় রয়েছেন কুরাসাও কোচ ডিক অ্যাডভোকাট। ৭৮ বছর বয়সে তিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রধান কোচ হিসেবে মাঠে নামবেন। অন্যদিকে ৩৮ বছর বয়সী জুলিয়ান নাগেলসমানের সঙ্গে তার বয়সের ব্যবধানও বিশ্বকাপ ইতিহাসে মুখোমুখি দুই কোচের মধ্যে সর্বোচ্চ।
দুই দলের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক লড়াই। পরিসংখ্যান ও অভিজ্ঞতায় জার্মানি স্পষ্ট ফেভারিট হলেও বিশ্বকাপের মঞ্চে কুরাসাও নিজেদের প্রথম উপস্থিতিকে স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ লড়াই করার প্রত্যয় নিয়েই মাঠে নামবে।
সম্ভাব্য একাদশ
জার্মানি: ম্যানুয়েল নয়্যার, যোশুয়া কিমিখ, জোনাথন তাহ, আন্তোনিও রুডিগার, ডেভিড রাউম, আলেকসান্দার পাভলোভিচ, লিওন গোরেৎসকা, ফ্লোরিয়ান ভির্টজ, জামাল মুসিয়ালা, লেরয় সানে, কাই হাভার্টজ।
কুরাসাও: এলোয় রুম, জোশুয়া ব্রেনেট, জুরিয়েন গারি, আরমান্দো ওবিস্পো, শেরেল ফ্লোরানুস, রিচেডলি বাজোর, লিয়ান্দ্রো বাকুনা, জুনিনহো বাকুনা, তাহিথ চং, কেনজি গোরে, ইউর্গেন লোকাডিয়া।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

