ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মাদ মুহিববুল্লাহিল বাকী।
বৃহস্পতিবার (২১ মে) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়। তিনি বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেড (গ্রেড-১) অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক না রাখার শর্তে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। চুক্তির অন্যান্য শর্ত পরবর্তীতে নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।
নতুন ডিজি হিসেবে মুহিববুল্লাহিল বাকী বর্তমান মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুস ছালাম খানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মুহিববুল্লাহিল বাকী চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা, লক্ষ্ণৌ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি কওমি, আলিয়া ও বিশ্ববিদ্যালয়—তিন ধারাতেই কৃতিত্বের সঙ্গে শিক্ষা সম্পন্ন করেছেন।
কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। এছাড়া চট্টগ্রামের জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া ও দারুল উলুম মাদরাসাসহ একাধিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন পাঠদান করেন।
ধর্মীয় দায়িত্বের অংশ হিসেবে তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ইমামতি করেছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
সর্বশেষ তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি মিসর ও ভারতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও পালন করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

