কুয়েতে ২৪ হাজার কুয়েতি দিনার ঋণখেলাপির দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। রাজধানী কুয়েত সিটির শুয়েখ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী টহলরত অবস্থায় তাকে আটক করা হয়।
নিরাপত্তা সূত্র জানায়, গত শুক্রবার শুয়েখ এলাকার ইউনাইটেড নেশনস রাউন্ড এবাউটের কাছে পুলিশি টহল চলছিল। এ সময় একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করেন। গাড়িটিতে ওই প্রবাসী বাংলাদেশি তার কুয়েতি স্ত্রীর সাথে ছিলেন।
পরিচয়পত্র যাচাইয়ের সময় পুলিশ জানতে পারে যে, ১৯৮৯ সালে জন্ম নেওয়া ওই বাংলাদেশি চালকের (যার আদ্যক্ষর এ.এ) নামে বিপুল পরিমাণ আর্থিক ঋণখেলাপির দায়ে একটি সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আইন অনুযায়ী, তার বিরুদ্ধে ২৪ হাজার কুয়েতি দিনার ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর ওই ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

