প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো।
বুধবার (৮ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণ, সামরিক প্রশিক্ষণের আধুনিকায়ন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অংশগ্রহণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির সহযোগিতার বিষয়েও মতবিনিময় করা হয়।
এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ও ইতালির গুরুত্বপূর্ণ অবদান এবং ভবিষ্যতে বিশ্বশান্তি ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশ ইতালির সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে। জবাবে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

