চাঁদপুরের পুরানবাজার সংলগ্ন তিন নদীর মোহনায় মেঘনার প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ৫ হাজার বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা পাঁচ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।
ডুবে যাওয়া ‘পারবো’ নামের কার্গোটির চালক এরশাদ মাঝি জানান, পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল ও ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে কার্গোটি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
বুধবার সকালে পুরানবাজার ঘাটের অদূরে তিন নদীর মোহনায় পৌঁছালে প্রবল ঘূর্ণিস্রোতের মুখে পড়ে জাহাজটি। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে তলিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় পরবর্তীতে জাহাজটিকে টেনে ডাকাতিয়া নদীর তীরে ভিড়িয়ে রাখা হয়েছে।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, কার্গোটিতে থাকা মালামাল পুরানবাজারের সাতজন ব্যবসায়ীর। এ ঘটনায় তাদের প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিআইডব্লিউটিএ (BIWTA) চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমাদের নৌ-নিরাপত্তা বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্যকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ অন্যদিকে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে মেঘনা নদীর তিন নদীর মোহনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তীব্র ঘূর্ণিস্রোত ও প্রতিকূল আবহাওয়া থাকায় এখানে প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে। বিশেষ করে পণ্যবাহী নৌযানগুলোর জন্য এই পথটি অত্যন্ত বিপজ্জনক।
বারবার দুর্ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পণ্যবাহী নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

