চলতি বছরে দেশের ১৩টি সিটি করপোরেশনে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। নির্বাচন কমিশনের (ইসি) কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ (ইউপি) অথবা পৌরসভা নির্বাচন দিয়ে। এ জন্য আগস্টের মাঝামাঝি তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, চলতি বছরের বাকি সময়জুড়ে ধাপে ধাপে ইউপি ও পৌরসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফলে আপাতত সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কমিশনের কোনো পরিকল্পনা নেই। এ অবস্থায় সিটি নির্বাচন আগামী বছর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।
সোমবার এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবদুর রহমানেল মাছউদও এ বিষয়ে ইঙ্গিত দেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। কোন নির্বাচন আগে হলে জনসাধারণের বেশি উপকার হবে, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, অক্টোবরকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। সে সময় ভোট হলে প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। তার মতে, বাস্তবতা ও আইনি দিক বিবেচনায় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করাই বেশি যৌক্তিক। কারণ বর্তমানে সিটি করপোরেশনগুলো প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, বছরের শেষ দিকে স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা এবং আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা থাকায় সিটি নির্বাচন পিছিয়ে যেতে পারে। এসব পরীক্ষা শেষে সরকারের সঙ্গে আলোচনা করে সিটি করপোরেশন নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।
২০২৪ সালের আগস্টে ইউনিয়ন পরিষদ ছাড়া পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের পর এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজনের পরিবেশ রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা এবং ১৩টি সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিও হালনাগাদ করা হচ্ছে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জন্য পৃথক আচরণবিধির খসড়া নিয়ে অংশীজনদের মতামত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে কমিশন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

