বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা (এফওসি) অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছে।
বৈঠকের আগে নিয়মিত পররাষ্ট্র দপ্তর পরামর্শ প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উভয় দেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং তাজিকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দার।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে। রাজনৈতিক সংলাপ জোরদার, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক সফর এবং সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ–তাজিকিস্তান সংসদীয় মৈত্রী গোষ্ঠী গঠনের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং ব্যবসায়িক প্রতিনিধিদলের আদান-প্রদানে উৎসাহ দেওয়ার বিষয়ে একমত হয় দুই দেশ। বাংলাদেশ তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য এবং ওষুধ শিল্পে দেশের সক্ষমতা তুলে ধরে তাজিক বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানায়।
এছাড়া বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি যৌথ কার্যকরী গোষ্ঠী (জেডব্লিউজি) গঠন, দুই দেশের শীর্ষ বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তাজিক ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর প্রস্তাব দেওয়া হয়।
খনিজ সম্পদ খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে সোনা, অ্যালুমিনিয়াম, দস্তা, তামা, সীসা ও রুপার মতো খনিজ সম্পদে তাজিকিস্তানের অভিজ্ঞতা ও সম্ভাবনাকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করে উভয় দেশ।
শিক্ষা, ক্রীড়া, পর্যটন, সংস্কৃতি এবং ছাত্র-যুব বিনিময় কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ থেকে উচ্চ দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি তাজিকিস্তানে কর্মসংস্থানের সুযোগ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি, পর্যটন উন্নয়ন, দ্বৈত কর পরিহার, বিনিয়োগ সুরক্ষা এবং শিল্প খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে দ্রুত দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনের বিষয়ে সম্মতি জানায় দুই দেশ।
বাংলাদেশ ও তাজিকিস্তান জাতিসংঘ, ওআইসি-সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে পারস্পরিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন দেওয়ায় তাজিকিস্তানকে ধন্যবাদ জানায় বাংলাদেশ।
বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে সংযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের বিষয়েও মতবিনিময় হয়। দুই পক্ষ মনে করে, এই প্রথম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা ভবিষ্যতে বহুমাত্রিক সহযোগিতার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।
বৈঠকে পারস্পরিক সুবিধাজনক সময়ে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বৈঠকের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বিষয়ক আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দার নিজ নিজ দেশের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

