বৈরী আবহাওয়া, টানা ভারি বর্ষণ ও সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবার (৮ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সারাদিনের টানা বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জনজীবন ও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের বিষয় বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি গত ৪৩ বছরের মধ্যে জুলাই মাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত।
স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

