ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভেজাল, মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঁচটি মামলায় মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, যা পরে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) চরভদ্রাসন বাজার ও আদর্শ স্কুল রোড এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর, ফরিদপুর জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ফরিদপুর-এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
মোবাইল কোর্টে মারকাযুন নূর ইসলামিক স্টোর-এ মোড়কবিহীন দই, মাঠা, ঘি, আইসক্রিম ও মধু বিক্রির অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মোড়কবিহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া তরুণ মিষ্টান্ন ভাণ্ডার-এ মোড়কবিহীন দই ও মিষ্টিজাত পণ্য বিক্রির দায়ে ২ হাজার টাকা এবং ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার-এ ওজনে কারচুপির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ইনভাইট ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট-এ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আধুনিক ফার্মা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় উদ্ধার হওয়া মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
অন্যদিকে, চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টার-এর ইন্টারনাল ল্যাবের পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
অভিযানটি পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার গৌরব মুস্তাফা। এ সময় বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

