বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবেদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পূর্ব ইউরোপ ও কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) অঞ্চলের দেশগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে নিজ কার্যালয়ে কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিআইএস-বিসিসিআই)-এর পরিচালনা পর্ষদ ও পদাধিকারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানসহ সিআইএস অঞ্চলের দেশগুলো বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য সম্ভাবনাময় বাজার। এসব দেশে বাণিজ্যের বৈচিত্র্য আনতে এবং বিনিয়োগ বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি অনাবিষ্কৃত বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময় এবং সিআইএসভুক্ত দেশগুলোর শীর্ষ বাণিজ্য ও শিল্প চেম্বারগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
শামা ওবেদ ইসলাম ব্যবসায়িক নেতাদের ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, চিংড়ি, গ্রীষ্মমণ্ডলীয় ফল এবং তথ্যপ্রযুক্তি (আইটি) পণ্যের রপ্তানি বাড়াতে বিদ্যমান সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনী ও বাণিজ্য মেলা আয়োজন, বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং, সরাসরি ফ্লাইট চালু, সংশ্লিষ্ট দেশগুলোর রাজধানীতে স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপন এবং ব্যাংকিং ও আর্থিক লেনদেন সহজ করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিআইএস অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে ব্যবসায়িক নেতাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

