রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইনবিষয়ক সাংবাদিকদের সর্বোচ্চ পেশাদারত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১ জুলাই) বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, আইনবিষয়ক সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি সহজ ভাষায় আইন সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও তাদের অবদান উল্লেখযোগ্য।
তিনি বলেন, সংবিধানের প্রাধান্য, আইনের শাসন ও ন্যায়বিচার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
রাষ্ট্রপতি আরও বলেন, বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিচার বিভাগ, আইনজীবী, আইনবিষয়ক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় ন্যায়বিচার নিশ্চিত করা আরও সহজ ও দ্রুত হবে।
আইন সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আদালতের মর্যাদা ও বিচারাধীন বিষয়ের সংবেদনশীলতা অক্ষুণ্ন রেখে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। একই সঙ্গে অপতথ্য, ভ্রান্ত তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্য মোকাবিলায় সাংবাদিকদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে রাষ্ট্রপতি ল’ রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

