রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
আইজিপি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্প চালুর মাধ্যমে পূর্বাচল এলাকায় পুলিশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে কার্যকর আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। সে লক্ষ্যেই পর্যায়ক্রমে প্রয়োজনীয় পুলিশি অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
তিনি জানান, সরকার ইতোমধ্যে পূর্বাচলে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র এবং ২টি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে। পাশাপাশি তিনটি ডিসি কার্যালয় স্থাপন এবং বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
মো. আলী হোসেন ফকির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের পর রাজউক বাংলাদেশ পুলিশের জন্য মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ডিএমপির আওতায় এনে একটি পৃথক পুলিশ বিভাগ গঠন করা হবে। ওই বিভাগের দায়িত্বে থাকবেন একজন অতিরিক্ত পুলিশ কমিশনার। এ প্রকল্পের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের জনবল সৃষ্টির প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
আইজিপির ভাষ্য, পূর্বাচলে পুলিশ ক্যাম্প স্থাপনের মাধ্যমে সরকারের দীর্ঘমেয়াদি নগর উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন আরও গতিশীল হবে। এর ফলে শুধু নিরাপত্তা নয়, নাগরিক সেবা, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও সম্প্রসারিত হবে।
তিনি জানান, প্রাথমিকভাবে পূর্বাচলে দুটি পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি বরকাউ পুলিশ ক্যাম্প, যা উদ্বোধন করা হয়েছে। অন্য ক্যাম্পটির নির্মাণকাজ চলমান এবং আগামী দুই মাসের মধ্যে সেটিও চালু করার আশা করা হচ্ছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে থানা ও তদন্ত কেন্দ্রগুলোর কার্যক্রম শুরু হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

