AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩২ পিএম, ২৯ জুন, ২০২৬

অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন—এই তিন ধাপের মাধ্যমে দেশের অর্থনীতিকে নতুনভাবে গড়ে তুলতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও জনগণের মধ্যে আশার সঞ্চার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, অতীতের চেয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি আলোচনা করাই এখন সময়ের দাবি।

এবারের বাজেটকে ‘জীবনবান্ধব’ উল্লেখ করে তারেক রহমান বলেন, পিছিয়ে পড়া মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহারের ফলে বাজেটের আগে বা পরে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়নি বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, আগের সরকারের নেওয়া বিপুল বিদেশি ঋণের বোঝা এখনো দেশের জনগণকে বহন করতে হচ্ছে। তাই বর্তমান সরকার শুধু বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করেছে।

সরকারপ্রধানের ভাষ্য, এবারের বাজেটের মূল লক্ষ্য হলো ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা, নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।

তিনি আরও বলেন, বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করতে সরকার কাজ করছে। সম্পদের সীমাবদ্ধতা বিবেচনায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে এবং উন্নয়ন বাজেট ৫০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।

তারেক রহমান বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে চায় সরকার। সেই লক্ষ্যেই অর্থনীতিকে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন—এই তিন ধাপে এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “ঋণনির্ভর নয়, উৎপাদননির্ভর বিনিয়োগের অর্থনীতি গড়ে তুলতে চাই। এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণরা নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!