কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার। তার এ নিয়োগের মধ্য দিয়ে কুমিল্লা প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক পেল।
রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
রোজী আক্তারের নিয়োগকে কুমিল্লার প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি প্রশাসনিক অঙ্গনসহ জেলার বিভিন্ন মহলে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড, ভূমি প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
অন্যদিকে, সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় বিদায়ী কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

