রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রেললাইন অবরোধে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ-সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ও রাজশাহীগামী ট্রেন চলাচল ব্যাহত হয়।
অভিযোগ অনুযায়ী, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফোরকান উদ্দীন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের দাবি, ট্রেনে দায়িত্বরত টিকিট পরীক্ষক (টিটি) টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়া অর্থ আদায় করছিলেন। এ বিষয়ে প্রতিবাদ জানালে ফোরকান উদ্দীনের সঙ্গে টিটিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দীন আম্মার বলেন, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত টিটিকে আগের স্টেশনেই নামিয়ে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, দুর্নীতির প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীকে দুই বগির মাঝখানে মারধর করা হয়, এতে তিনি আহত হন এবং তার চশমা ভেঙে যায়।
এদিকে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, ঘটনার বিষয়ে দুই পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত করা হবে।
তিনি আরও জানান, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার না করায় সকাল থেকে ঢাকাগামী ‘মধুমতী এক্সপ্রেস’ ছাড়া অন্য কোনো ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে যেতে পারেনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

