বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার সকালে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেছেন।
জানা গেছে, স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে তিনি ঢাকায় আসছেন। বাংলাদেশে তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মা ইতোমধ্যে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ভারত সরকার গত এপ্রিলে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত ৫৫ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠ কর্মসম্পর্ক এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে তার পরিচিতিকে বিবেচনায় রেখে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, সংযোগ এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারে তিনি ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

